তুই ইতিহাসে মোরে লিইখা রাখ,
তিতা মিছা কথার কালি দিয়া,
তুই যতই মোরে মাটির তলে যাইত্যা রাখ,
তাও মুই উঠমু জাইগা—ঐ ধুলার লাহান।
মোর ভাব দেইখ্যা তোর জ্বলে নি রে?
তোর মুখটা অমন গোমরা ক্যান?
মুই হাঁইটা যাই এমন ঢঙ্গে, ভাবস যেন—
মোর ঘরেই রইছে তেলের কুয়া।
চাঁদের লাহান উঠমু, সূর্যের লাহান জ্বলমু,
জোয়ারের লাহান ফিরমু প্রতিদিন,
আশার লাহান টগবগাইয়া
মুই উঠমু জাইগা, মুই উঠমু জাইগা!
তুই চাস মুই ভাইঙ্গা পরি?
নুইয়া রাহি মাথা, নামাইয়া রাহি চোখ?
চক্ষের পানির লাহান ঝুইলা পড়ুক
দুঃখে কমজোর হওয়া মোর কান্ধ দুইডা?
মোর বড়াই তোরে জ্বালায় নি রে?
অমন কষ্ট পাস ক্যান?
শোন, মুই হাসি এমন ঢঙে, ভাবস যেন—
মোর ঘরডার পিছেই খুঁইড়া পাইছি সোনার খনি!
তুই কথা দিয়া চালা গুলি,
চক্ষু দিয়া ছোঁড় আগুন,
তুই ঘেন্না দিয়া মোরে মারবার চাস,
তাও বাতাসের লাহানই,
মুই জাইগা উঠুম, মুই বাঁচুম, মুই থাকুম!
মোর রূপে কি তোর জ্বালা ধরে নি?
মোর নাচে কি তোর বুক ফাটে?
নাচি মুই এমন ঢঙ্গে, ভাবস যেন—
মোর দুই উরুর ভাঁজে হিরা-মনিক জ্বলে!
ইতিহাসে লেখা অপমানের ঘরখান ভাইঙ্গা
মুই উঠমু জাইগা,
দুঃখের জমিনে শিকড়-পোতা পুরাইন্যা ঐ দিন থাইক্যা
মুই উঠমু জাইগা!
মুই কালা সাগর—অশান্ত অসীম!
ফুইসা ওঠা ঢেউয়ের মাথায় চড়াইয়া আনি জোয়ার নিত্যদিন।
ভয়ের রাইত পিছে ফালাইয়া
মুই উঠমু জাইগা,
ধরমু নয়া ভোরের আলো।
মোর মা-নানীগোর দান,
হ্যাগোর স্বপ্ন, হ্যাগোর আশা,
মুই হইলাম গিয়া হেই স্বপ্ন, হেই দাসগোর আশা—
মুই উঠমু জাইগা!
মুই উঠমু জাইগা!
মুই উঠমু জাইগা!
About The Author